হিতোপদেশের ব্যাখ্যা

যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম, নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।

এই হিতোপদেশে ব্যক্তিগত মহত্ত্বের একটি পাঠ রয়েছে। আপনি কতটা শক্তিশালী? আপনি জীবনে কি অর্জন করেছেন? চরিত্রের সর্বোত্তম পরীক্ষা হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, বিশেষ করে রাগ। আপনার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আপনার আবেগকে শুধুমাত্র ভালো কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা।

প্রতিটি সত্যিকারের মানুষ বীরত্বের পরাক্রমশালী মানুষ হতে চায়। প্রতিটি প্রকৃত নারী এমন একজন পুরুষের যোগ্য একজন মহৎ নারী হতে চায়। বাইবেল শক্তিশালী পুরুষ এবং উন্নতচরিত্র নারীদের অনেক কীর্তিকলাপ লিপিবদ্ধ করেছে। কিন্তু এই হিতোপদেশটি স্বতন্ত্র গৌরবের একটি বৃহত্তর পরিমাপ শেখায় – নিজের রাগকে অস্বীকার করা এবং নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যে ব্যক্তি রাগান্বিত হওয়া বা তার আত্মার নিয়ন্ত্রণ হারানো প্রতিরোধ করতে পারে সে মহান সামরিক কৃতিত্বের পুরুষদের চেয়ে বেশি সম্মানিত হয়।

বাইবেলের কিছু পরাক্রমশালী বীর পুরুষদের সম্পর্কে বিবেচনা করুন। গিদিয়োন মাত্র 300 জন লোকদের নিয়ে মিদিয়নীয়দের একটি বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করেছিলেন (বিচারকর্তৃগণ 7) এবং যিপ্তহ একটি ছোট সৈন্য দিয়ে অম্মোনীয়দের 20টি নগর ধ্বংস করেছিলেন (বিচারকর্তৃগণ 11)। শিম্‌শোন একটি গাধার চোয়ালের হাড় দিয়ে 1000 ফিলিস্তিনীদের হত্যা করেছিলো (বিচারকর্তৃগণ 15) এবং শম্‌গর একটি বলদের অঙ্কুশ দিয়ে 600 জন ফিলিস্তিনীকে হত্যা করেছিলো (বিচারকর্তৃগণ 3:31)। যোয়াব যিবূষীয়দের সিয়োনের দুর্গটি দখল করেছিলেন—যেটি হলো দাউদ-নগর, যা জেরুশালেম হয়ে গেল। আদীনো তার বর্শা দিয়ে একবারে 800 জনকে হত্যা করেছিলো (2 শমূয়েল 23:8) এবং অবীশয় 300 জনকে একই ভাবে হত্যা করেছিলো (2 শমূয়েল 23:18)। কালেব কনানের একটি পাহাড়ের জন্য যাচনা করেছিলেন যেখানে ভয়ঙ্কর দৈত্যরা বাস করতো (গণনা পুস্তক 13), এবং তিনি তাদের ধ্বংস করে তাদের নগরগুলি দখল করে নিয়েছিলেন (যিহোশূয় 15:14)।

কিন্তু আপনি এই পুরুষদের চেয়েও বড় হতে পারেন! আপনি রাগ করার ক্ষেত্রে সতর্ক এবং ধীর হয়ে এবং আপনার আত্মাকে নিয়ন্ত্রণ ও শাসন করে তা করতে পারেন। একটি নগর দখল করার চেয়ে রাগের মতো আবেগপূর্ণ অনুভূতি বা ভাবকে প্রতিহত করতে আরও সাহস, সংযম, শক্তি এবং প্রজ্ঞা লাগে।

আপনি কি রাগের সহিংস অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার আত্মাকে শান্ত ও প্রজ্ঞাময় রাখতে পারেন? আপনি কি তা করবেন? এভাবেই একজন জন্মগত মূর্খ বুদ্ধিমান এবং মহিমান্বিত হতে পারে (হিতোপদেশ 14:29; উপদেশক 7:9; যাকোব 1:19-20)। আপনি যদি নিজের রাগকে স্থগিত করেন এবং অন্যের দোষ এবং অপরাধকে এড়িয়ে যান তাহলে আপনি মহিমান্বিত হবেন (হিতোপদেশ 19:11)।

কিন্তু আপনার আত্মা একটি শক্তিশালী প্রতিক্রিয়া করার জন্য চিৎকার করে! এটি আপনার সংযমী স্বভাবকে ঘৃণা করে। এটি নিজেকে প্রয়োগ করতে আপনাকে বাধ্য করে, সম্পূর্ণ ক্ষোভে, তৎক্ষণাৎ! কঠোর শব্দ আপনার জিহ্বায় জ্বলে ওঠে এবং আপনাকে বলতে বাধ্য করে। আপনি অন্যদের বলেন যে আপনি নিজেকে সাহায্য করতে পারবেন না। এবং শেষে নিজের দোষকে লুকানোর জন্য আপনি ঈশ্বরকে দোষারোপ করেন যে তিনি আপনাকে শাসন করার জন্য খুব শক্তিশালী আত্মা দিয়েছেন।

জগত মিথ্যা বলে যে ক্রোধ শক্তিশালী পুরুষদের একটি সাধারণ্যে স্বীকৃত বৈশিষ্ট্য, মুক্ত মানুষের অধিকার এবং শক্তিশালী নেতাদের একটি অস্ত্র। তারা বলে যে ক্ষোভ প্রকাশ করা স্বস্তি ও উদ্বেগ-নিরসন নিয়ে আসে, তবে এটি কেবল একজন বিকৃত আত্মার জন্য প্রযোজ্য। যদি আপনার মধ্যে বিবেক থাকে তাহলে আপনি শীঘ্রই আপনার মুখ থেকে বেরিয়ে আসা হিংস্রতার জন্য দুঃখিত হবেন।

তাদের আত্মাকে শাসন করার পরিবর্তে, বেশিরভাগ পুরুষেরা তাদের আত্মা দ্বারা শাসিত হয়। রাগকে জয় করার পরিবর্তে তারা তাদের আবেগের বন্দী হয়ে পড়ে। কথা বলার আগে চিন্তা করার পরিবর্তে, তারা শুধুমাত্র তাদের অনুভূতি দ্বারা চিন্তা না করে কথা বলে, যা অত্যন্ত বিপজ্জনক এবং মূর্খতাপূর্ণ স্বভাব।

আপনার মুখোমুখি যুদ্ধ যেকোনো সামরিক অভিযানকে ছাড়িয়ে যায়। একটি নগরকে একক অবরোধ দিয়ে নিয়ন্ত্রণে আনা যেতে পারে, তবে আপনি সারা জীবন রাগের আবেগের সাথে লড়াই করবেন। অনেকের প্রচেষ্টায় যুদ্ধ হয়, কিন্তু আপনাকে একাই লড়তে হবে। রাগকে শাসন করার জন্য যে সতর্কতা, প্রচেষ্টা এবং ধৈর্য প্রয়োজন তা বেশিরভাগ পুরুষকে যুদ্ধকে হারাতে এবং তাদের নিজস্ব মূর্খতার দাস হতে বাধ্য করে।

জগত তাদের দৃষ্টান্তে পূর্ণ যারা তাদের আত্মাকে শাসন করতে পারেনি। আপনার নিজের পরিবারে এমন লোক থাকতে পারে। আপনি সম্ভবত আপনার নিজের গৃহে এমন মানুষকে পাবেন। আলেকজান্ডার দ্য গ্রেট (Alexander the Great) বিশ্ব জয় করেছিলেন, কিন্তু তিনি সেই পাশবিক জন্তুটিকে পরাস্ত করতে পারেননি যা তাকে বাড়িতে এবং তার বন্ধুদের মধ্যে ধ্বংস করে দিলো। পিটার দ্য গ্রেট (Peter the Great) বলেছিলেন, “আমি আমার লোকদের শাসন করতে পারি, কিন্তু আমি কীভাবে নিজেকে শাসন করবো?” আপনি যদি এই দানবকে পরাজিত করতে পারেন তাহলে আপনি এমন একটি শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করবেন যে বিজয়ীদের ধ্বংস করেছে। আপনি একজন প্রকৃত শক্তিশালী মানুষ হবেন!

রাগ একজন হেরে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত করে, নিশ্চিতভাবে। রাগ পরিস্থিতির ভুল বিশ্লেষণের জন্য আপনার মন-মস্তিষ্ককে অন্ধ করে দেয়, আপনাকে মূর্খতাপূর্ণ বিষয় বলতে এবং করতে বাধ্য করে, আপনি কখনও ভালো কিছু করতে পারেন না এবং আপনার রাগ আপনাকে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবদের থেকে দূরে সরিয়ে দেয় (হিতোপদেশ 14:17; 15:18; 21:24; 22:24-25; 29:22)। আপনি যদি অযথা রেগে যান এবং আপনার আত্মাকে শাসন না করেন তাহলে আপনাকে একজন সামরিক বীরের সাথে তুলনা করা হবে না; আপনাকে অবশ্যই এমন একটি দুর্গের সাথে তুলনা করা হবে যার পাঁচিল ভেঙ্গে গেছে এবং সেটি এখন সমস্ত ধরনের মন্দের জন্য ঝুঁকিপূর্ণ (হিতোপদেশ 25:28; যাকোব 3:14-16)।

তবে সব রাগই পাপ নয়। বিপথগামী খ্রিস্টীয় বিশ্বাসীদের আপনাকে অন্যথায় বলতে দেবেন না। প্রভু যীশু খ্রিস্ট অযৌক্তিক ক্রোধের নিন্দা করেছিলেন (মথি 5:22), এবং পৌল বলেছিলেন “ক্রোধের বশবর্তী হয়ে পাপ কোরো না। সূর্য অস্ত যাওয়ার আগেই তোমাদের ক্রোধ প্রশমিত হোক” (ইফিষীয় 4:26)। রাগ ভালো বিষয়, যখন এটি ঈশ্বরের গৌরবের জন্য পাপের বিরুদ্ধে পরিচালিত হয়। কিন্তু ট্র্যাফিক জ্যামে (Traffic Jam) রাগ দেখানো, বা ছিটানো দুধের জন্য রাগ করা, বা আপনার বিরুদ্ধে অন্যের কঠোর কথার জন্য রাগ করা, বা আপনি অপমানিত হয়েছেন বলে রাগ করা, বা কোনও অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য রাগ প্রকাশ করা, বা বিষয়গুলি আশানুরূপ পরিণত হয়নি বলে রাগ করা ভুল বিষয়!

শুধু রাগ নয় বরং আরও অনেক আবেগ রয়েছে এবং আপনাকে অবশ্যই সেগুলিও শাসন করতে হবে। বদমেজাজ একটি অপরিপক্ক সন্তানের চিহ্ন, বীর শক্তিশালী পুরুষের নয়। এই ধরনের ব্যক্তির পিটুনি ও শাসনের প্রয়োজন, সান্ত্বনার নয়। সব সময় বিরক্তিপ্রকাশ করা হলো একটি দুষ্ট হৃদয়ের অভিযোগ যা একটি শয়তানী জিহ্বাকে পরিচালিত করে, যা হওয়া উচিত নয়। সমালোচনামূলক বা কঠোর বক্তৃতা হলো সেই বিষ যা স্বার্থপর হৃদয় থেকে উৎপন্ন হয়। মহান ব্যক্তিদের শুদ্ধ হৃদয় রয়েছে যা করুণাময় কথাবার্তার ফলস্বরূপ (হিতোপদেশ 22:11; কলসীয় 4:6)।

অন্যান্য আবেগও আছে যার জন্য শাসনের প্রয়োজন। ভয় খুবই দুর্বল এবং আপনার জীবনে এর কোনো স্থান নেই, কারণ ঈশ্বর আপনাকে এমন একটি আত্মা দেননি (2 তীমথিয় 1:7), এবং অন্যদের ভয় আপনাকে মূর্খতাপূর্ণ নির্বাচন করতে বাধ্য করবে এবং পাপের ফাঁদে ফেলবে (হিতোপদেশ 29:25)। অন্যদের যা আছে বা আপনার যা নেই তার লোভ, লালসা, আকাঙ্ক্ষাকে মূর্তিপূজার সাথে তুলনা করা হয়েছে (ইফিষীয় 5:5)। আপনার পছন্দ তৃপ্তি হওয়া উচিত যেটি সত্যিকারের সুখের চাবিকাঠি এবং মহান লাভের একটি পরিমাপ (1 তীমথিয় 6:6; ইব্রীয় 13:5-6)।

আপনি ঈশ্বর এবং মানুষের দৃষ্টিতে মহান হতে কি করতে পারেন? ধীর হন! প্ররোচনায় কখনো কিছু বলবেন না বা করবেন না। কথা বলার আগে মনোযোগ দিয়ে বিষয়গুলি শুনুন। আপনার মতামত দেওয়ার আগে প্রতিটি বিষয় অধ্যয়ন করুন। প্রতিক্রিয়া দেওয়ার আগে অপেক্ষা করুন, যখন আপনি কোনো নেতিবাচক ঘটনা শুনবেন বা অনুভব করবেন। আপনার অর্ধেক কথা বাদ দিন। নিজের বক্তৃতায় সর্বদা সদয় হোন, বিশেষ করে আপনার পরিবারের সাথে। এই হিতোপদেশের শব্দগুলি আপনাকে বীরত্বের একজন শক্তিশালী পুরুষ হতে অনুপ্রাণিত করে।

কিন্তু আপনি সাহায্য ছাড়া এই বিজয় অর্জন করতে পারবেন না, এবং সেই সাহায্য সদাপ্রভু, তাঁর বাক্য এবং তাঁর সাধুদের মধ্যে রয়েছে। পৌল লিখেছিলেন যে তিনি খ্রীষ্টের মাধ্যমে সমস্ত কিছু করতে পারেন, যিনি তাঁকে শক্তিশালী করেছিলেন (ফিলিপীয় 4:13)। পবিত্র আত্মা, একটি পবিত্র এবং বশ্যতাপূর্ণ জীবন দ্বারা ফল বহন করার অনুমতি দিয়ে, আপনাকে প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য এবং আরও অনেক কিছু দিয়ে পূর্ণ করতে পারে (গালাতীয় 5:22-23)। বাইবেল রাগের মূর্খতা এবং শান্তির মহিমা দেখিয়ে আপনার আত্মাকে রূপান্তর করতে পারে। এবং যখন খ্রীষ্টের ভাই ও বোনেরা তাদের দায়িত্ব পালন করে, তখন প্রয়োজন অনুসারে তারা আপনাকে উৎসাহিত এবং সতর্ক করতে পারে।

সত্যিকারের বীর পুরুষরা কি দয়া করে উঠে দাঁড়াবে! জগতের প্রকৃত উন্নতচরিত্র নারীরা কি দয়া করে উঠে দাঁড়াবে! আপনার শত্রুর মুখোমুখি হতে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আপনার আত্মার শাসন পরীক্ষা করার জন্য সদাপ্রভু নিজেই উপযুক্ত পরিস্থিতির ব্যবস্থা করবেন। যা ঘটে তাতে অবাক হবেন না। এখন আপনার উদ্দেশ্য সাড়া দেওয়ার ক্ষেত্রে ধীর এবং সতর্ক হওয়া এবং আপনার পেট এবং জিহ্বায় সেই অবাধ্য ক্রোধকে নিয়ন্ত্রণ করা। মনে রাখবেন, প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ আপনাকে সম্পূর্ণ বিজয় দিতে পারে!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑